আদমজী ইপিজেডের এক ব্যবসায়ীকে মোবাইলে ফোন দিয়ে অশালীন ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে এ শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে সাহেদ আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল যখন বন্যায় পানিবন্দি মানুষের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন মহানগর যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি তা সংগঠনের জন্য বিব্রতকর।
নোটিশে সংগঠনের সুনাম ও শৃঙ্খলা বিনষ্টকারী এ কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...