নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু ১/১১ ও আলোচিত মাইনাস টু ফর্মুলার অন্যতম কুশীলব ওসমান দোসর ও কুখ্যাত কিং মেকার মোহাম্মদ আলীর দ্রুত গ্রেফতার দাবি অথবা দেশত্যাগের আশঙ্কা প্রকাশ করে আবু আল ইউসুফ খান টিপুর ফেসবুক ভেরিফাইড আইডিতে ভিডিও বার্তা এবং স্ট্যাটাস দিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) আবু আল ইউসুফ খান টিপুর ফেসবুক ভেরিফাইড আইডিতে ভিডিও বার্তা এবং স্ট্যাটাসের মাধ্যমে টিপু মোহাম্মদ আলীকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ওই সময়ের কৌশলী ও টু মাইনাস ফর্মুলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ গ্রেফতার হলেও, একই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তিনি বিশেষভাবে তথাকথিত মুক্তিযোদ্ধা ও তৎকালীন এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, কেন তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তার অভিযোগ, মোহাম্মদ আলী আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জের প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত থেকে ওই সময়ের ঘটনায় ভূমিকা রেখেছেন। এডভোকেট টিপু তার স্ট্যাটাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ১/১১ সময়ের ইমারজেন্সি ঘোষণার পেছনের প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং ওই ফর্মুলার উদ্দেশ্য উদঘাটন করা জরুরি।
তিনি আরও দাবি করেন, তৎকালীন সময়ে তারেক রহমানের ওপর নির্যাতন ও হত্যাচেষ্টার সঙ্গে কারা জড়িত ছিল, তা তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত ব্যবস্থা না নিলে অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করতে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...